গাজীপুরে বিশ্ব মান দিবস পালন করা হয়েছে। Shared vision for a better world-Standards for SDGs’ যার ভাবার্থ –‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ এই প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিএসটিআই, গাজীপুরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলেচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাফিসা আরেফীন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর; সভায় সভাপতিত্ব করেন মো. মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর; বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহাম্মদ হোসেন ভূঁইয়া, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, গাজীপুর। স্বাগত বক্তব্য দেন এস, এম, তালাত মাহমুদ, উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, গাজীপুর; সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,ব্যাবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই বিএসটিআই কার্যক্রমের উপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসটিআই গাজীপুরের অফিস প্রধান এস, এম, তালাত মাহমুদ বিএসটিআই‘র কার্যক্রম, গ্রহনযোগ্যতা উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী, সংশ্লিষ্ট অন্যান্য সকলের দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমেই অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্ব মান দিবসের মূল প্রবন্ধের উপর আলোকপাত করেন মো. মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ডুয়েট, গাজীপুর। SDGs এবং Standards এর সমন্বয়ে গ্লোবাল লক্ষ্যমাত্রাসমূহ অর্জন সম্ভব মর্মে অভিমত প্রকাশ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএসটিআই’র কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে হবে। হালাল পণ্যের বাজার দিন দিন বিশ্ববাজারে বৃদ্ধি পাওয়ায় হালাল সার্টিফিকেশনের উপর তিনি গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি আহাম্মদ হোসেন ভূঁইয়া সুস্থ থাকার জন্য প্রতিটি পণ্যের মান অপরিহার্য মর্মে বক্তব্য প্রদান করেন। সেই সাথে বিএসটিআই’র কার্যক্রম ভোক্তা পর্যায়ে সন্তোষজনক অবস্থায় নিয়ে যাওয়ার ব্যাপারে পরামর্শ প্রদান করেন।
এছাড়াও সভার সভাপতি মো. মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বজায় রেখে শিক্ষা, চিকিৎসা, পণ্য সামগ্রী উৎপাদনসহ প্রতিটি ক্ষেত্রে গুনগতমান বজায় রাখার পরামর্শ সহ গাজীপুরে টেস্টিং ল্যাবরেটরি স্থাপনের উপর গুরুত্বারোপ করেন।

সংবাদ প্রেরক : মোহাম্মদ মনজুরুল হক গাজী, গাজীপুর। 










